logo

মরহুম চেয়ারম্যান স্মরণে এফআইইউতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মরহুম চেয়ারম্যান স্মরণে এফআইইউতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় এফআইইউ পরিবারের উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত সেমিনার কক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুছ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বোর্ড অব ট্রাস্টিজ, এফআইইউ। জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মরহুমের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন মো. মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ। এ সময় ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ উপস্থিত সম্মানিত ট্রাস্টি, সিন্ডিকেট সদস্য এবং বিশিষ্ট অতিথিরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদান এবং এফআইইউ প্রতিষ্ঠা ও বিকাশে তার দূরদর্শী নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শেখ কবির হোসেনের আদর্শ, সততা ও শিক্ষানুরাগী মনোভাব বিশ্ববিদ্যালয় পরিবারকে চিরদিন অনুপ্রাণিত করবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুমের দুই পুত্র শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির; মো. আব্দুল্লাহ, সদস্য, বিওটি, এফআইইউ; মোহাম্মদ আব্দুল আজিজ, সদস্য, বিওটি, এফআইইউ; প্রফেসর ড. মাহবুবা নাসরিন, সিন্ডিকেট সদস্য; ফায়েকুজ্জামান, সদস্য, ফাইন্যান্স কমিটি, এফআইইউ; প্রফেসর অসিম সরকার, সিন্ডিকেট সদস্য, এফআইইউ; বেনজির আহমদ, সদস্য, বিওটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও আমন্ত্রিত অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মো. শাহজাহান কবির, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, এফআইইউ।

শেখ কবির হোসেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।