logo

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ৪র্থ হিফজসহ ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ৪র্থ হিফজসহ ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ৪র্থ হিফজসহ ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সৌজন্যে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ‘৪র্থ হিফজ এবং ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে । ৫৪ জন শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং ৮৫জন শিক্ষার্থীকে ও লেভেল এবং এ লেভেল গ্রাজুয়েট হিসেবে সংবর্ধিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

পবিত্র আল-কুরআনের হাফেজ-হাফেজা এবং ও/এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমাবর্তন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খান মো. আক্তারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ সময় খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০১৫ সালের এই অক্টোবর মাসেই এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ১২ বছরের এই পথচলায় ছিল অনেক বাধা, ত্যাগ, প্রতিকূলতা ও কঠিন পরীক্ষা। তবে একটি স্বপ্ন আমাদের পথ দেখিয়েছে। সেটি হলো- এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে কুরআনের আলোর পাশাপাশি থাকবে আধুনিক জ্ঞান, আর একাডেমিক সাফল্যের সঙ্গে থাকবে নৈতিকতা ও মানবিকতা। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় আজ এভেরোজ লালমাটিয়া বহু সাফল্য ও অগ্রগতির সাক্ষী। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, কুরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভেরোজ লালমাটিয়া বাংলাদেশে একটি স্বতন্ত্র শিক্ষার পথিকৃৎ। আমাদের দেখানো পথ ধরে দেশে প্রায় ২৫০টি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা চাই ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল আরও বৃদ্ধি পাক। তবে তাদের প্রতি আমাদের আন্তরিক প্রত্যাশা- শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিন। মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদেরকে বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়- শিক্ষা একটি আমানত।

এভেরোজ লালমাটিয়ার সাফল্য তুলে ধরে তিনি বলেন, ২০১৯ সাল থেকে আমাদের ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। World Highest, Country Highest-সহ বিভিন্ন অর্জন আমাদের গর্বিত করেছে। গত জানুয়ারি থেকে নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর উদ্দেশ্য একটাই- আমাদের শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করা, বিশ্বমঞ্চে তুলে ধরা এবং তাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া।

খান মো. আক্তারুজ্জামান বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আসন সীমিত থাকা সত্ত্বেও প্রায় ১০০০ আবেদনের মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি নিতে পেরেছি। আমরা ইতোমধ্যেই আপনাদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও ছড়িয়ে দিতে জন ও ঘনবসতিপূর্ণ প্রসিদ্ধ আবাসিক এলাকা আফতাবনগর সংলগ্ন বনশ্রীতে একটি শাখা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। এছাড়া লালমাটিয়াতেই আমাদের নিজস্ব একটি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে হিফজুল কুরআন (আল-কুরআন, ইসলামিক স্টাডিজ), ইংলিশ মিডিয়াম ও-লেভেল এবং এ-লেভেলের পাশাপাশি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে ধারণ করে ইসলামী ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের যে শুভসূচনা দেখা যাচ্ছে তা গোটা পৃথিবীতে অতুলনীয় ও অনন্য।

তিনি আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে ‘এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শুভ সূচনা হবে।

উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া দীর্ঘদিন ধরে পবিত্র আল-কুরআনের শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র বিকাশে কাজ করে আসছে। এই সমাবর্তনের মাধ্যমে কুরআন হিফজ সম্পন্নকারী ৫৪ জন শিক্ষার্থীর অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ৮৫ জন ও/এ লেভেল শিক্ষার্থীর একাডেমিক সাফল্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা, এভেরোজের প্রামাণ্যচিত্র, হিফজ ও ও/এ লেভেল সমাবর্তন, আরবি ও ইংরেজি নাশিদ, বালক ও বালিকাদের সম্মিলিত কুরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্য প্রদর্শন ইত্যাদি। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান, অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-র কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।