বনশ্রীতে শেল্টেক্ লিগ্যাসি প্লাজার দোকান ও অফিস স্পেস বিক্রি শুরু

রাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন শেল্টেক্ লিগ্যাসি প্লাজার দোকান ও অফিস স্পেসের বিক্রয় কার্যক্রম শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান শেল্টেক্ প্রাইভেট লিমিটেড। ১ সেপ্টেম্বর বনশ্রীতে প্রকল্পটির নিজস্ব বিক্রয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, শেল্টেক্ লিগ্যাসি প্লাজা শুধু একটি বাণিজ্যিক ভবন নয়। বনশ্রীকে ঢাকার বাণিজ্যিক মানচিত্রে আরও পরিচিত করে তোলার পাশাপাশি এমন একটি জায়গা তৈরি করার লক্ষ্য রয়েছে, যেখানে ব্যবসার সঙ্গে পরিবার ও কমিউনিটির মানুষের সময় কাটানোর সুযোগ থাকবে।
বনশ্রীর মেইন রোডে নির্মাণাধীন ১৭ তলা ভবনটিতে একই ছাদের নিচে শপিং মল, অফিস স্পেস, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হল থাকবে। প্রকল্পটির নকশা করেছে ইকে আর্কিটেক্টস।
প্রকল্পটির অন্যতম সুবিধা হিসেবে এর যোগাযোগব্যবস্থার কথা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। ভবনটি হাতিরঝিল ও রামপুরা সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত। পাশাপাশি গুলশান ও বনানী থেকেও সহজে যাতায়াতের সুযোগ রয়েছে। প্রকল্পের আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
ভবিষ্যতে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর দক্ষিণাংশ চালু হলে আফতাবনগরসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছে শেল্টেক্।
ক্রেতাদের জন্য কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বুকিং দেওয়া ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও দেওয়া হয়েছে।
প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্টেক্ (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে। প্রতিষ্ঠানটির দাবি, মানসম্মত নির্মাণ, নান্দনিক নকশা ও সময়মতো হস্তান্তরের মাধ্যমে তারা দেশের আবাসন খাতে আস্থা তৈরি করেছে।



-308e2e.jpg)