logo

রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইএসইউ

রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইএসইউ
রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। ছবি : বিশ্ববিদ্যালয় সৌজন্যে

যুক্তি, মেধা ও মুক্তচিন্তার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

গত শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইএসইউ।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এবারের প্রতিযোগিতায় সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সহায়তায় বাঁচানোর পরিবর্তে তাদের ব্যর্থ হতে দেবে।’ এ বিতর্কে সরকারি দল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে আইএসইউ অংশ নেয়। যুক্তি, বিশ্লেষণ ও পাল্টা যুক্তির প্রাণবন্ত লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আইএসইউ।

চ্যাম্পিয়ন দলের তিন সদস্য—রাহি রহমান, লিখন সরকার ও সাকিব হাসান সিফাত।পাশাপাশি ফাইনালে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী লিখন সরকার।

এদিকে, স্কুল পর্যায়ের ফাইনালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন আইএসইউ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের মেধা, যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটেছে এ সাফল্যে। আশা করি, এ অর্জন তাদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকেও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্সেনটেক পিএলসির জেনারেল ম্যানেজার (করপোরেট বিজনেস অপারেশনস) আরিফ আহমেদ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের উপদেষ্টা ছাইফুল হুদা ছিদ্দিকী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি বৃজেট ডায়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সাবেক সভাপতি সাইফ চৌধুরী এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহসভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ী দল ও বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।