প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

এশিয়া পোস্ট ডেস্ক, গোপালগঞ্জ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকার অদূরে একটি মনোরম রিসোর্টে দিনব্যাপী আয়োজন করা হয় ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, এফসিএ। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জগতের বর্তমান বাস্তবতা, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতের নতুন ধারা এবং পেশাগত দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মুশফিকুর রহমান ধ্রুব।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের লেকচারার এবং বিবিএ কো-অর্ডিনেটর শিশির দাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনের দক্ষ, নৈতিক ও যোগ্য ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং স্মৃতিচারণের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং নবীন-প্রবীণ সবার মিলনমেলায় পরিণত হয়।