চীনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই

একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
রোববার (৩ আগস্ট) ইউল্যাব ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি অন্যান্য সম্ভাব্য একাডেমিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক শেন গুইহুয়া। ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, পিএইচডি।
চীনা প্রতিনিধি দলে আরও ছিলেন স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন টং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝোউ শিয়াওটিং।
ইউল্যাবের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি; বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি; রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং প্রশাসনিক দপ্তরের প্রধানরা।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ইউল্যাব ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য একাডেমিক ও গবেষণাভিত্তিক নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
.png)

