Advertisement

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা ও শপথ গ্রহণ

এশিয়া পোস্ট ডেস্ক
আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা ও শপথ গ্রহণ
ছবি : সংগৃহীত

মানবসেবা, সহমর্মিতা, পেশাগত নৈতিকতা ও দক্ষতার আদর্শে নতুন প্রজন্মের নার্স গড়ে তোলার প্রত্যয়ে আইইউবিএটির কলেজ অব নার্সিংয়ের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্জ্বলন ও পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেবাধর্মী নার্সিং পেশায় তাদের যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান অঙ্গীকার। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সহমর্মিতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নার্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি বলেন, দক্ষ ও মানবিক নার্স একজন রোগীর চিকিৎসা ও সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে দেশ-বিদেশে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, নার্সিং এমন একটি মহৎ পেশা যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবন রক্ষা করা হয়। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ড্যাফোডিল নার্সিং কলেজ, এনাম নার্সিং কলেজ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার নিয়ে প্রতীকী ছায়ানাট্য। পরে নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সততা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্য দেন কলেজ অব নার্সিংয়ের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা। পরে গ্রুপ ছবি তোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষতা, মানবিকতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।