ইউল্যাবে রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) উৎসবমুখর পরিবেশে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা-১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবিক দর্শন এবং তাদের সৃষ্টির চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন কর্নেল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. আহমেদ শামীম। তিনি ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় রবীন্দ্রনাথ ও নজরুলকে তার ব্যক্তিগত জীবন, পাঠ এবং চিন্তার জগতের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করেন।
ড. শামীম রেজা বলেন, এ ধরনের আয়োজন শুধু রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। তার আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
.png)






