প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রামিং কনটেস্ট’

উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) আয়োজনে ও সিএসই ডিপার্টমেন্টের সহায়তায় অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রামিং কনটেস্ট ২৬’।
রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় হয় পুরস্কার বিতরণী।
আয়োজকরা জানান, সাতটি চ্যালেঞ্জিং প্রোগ্রামিং সমস্যা শিক্ষার্থীদের চিন্তা ও দক্ষতার পরীক্ষা নেয়। কেউ নীরব মনোযোগে কোড লিখেছে, কেউ বারবার ভুলের পরও সমাধানের নতুন পথ খুঁজেছে। সাতটির মধ্যে ছয়টি সমস্যা সফলভাবে সমাধান করে চ্যাম্পিয়ন দল শীর্ষস্থান অর্জন করে।
স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
আয়োজনটি তত্ত্বাবধান করেন ক্লাব মডারেটর অর্ক সিকদার। এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জুলফিকার আলী, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সালেহিন ফেরদৌস, প্রক্টর মো. আনিসুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক আফরোজা হেলেন এবং এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড জাহিদ হাসান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুধু কিছু সমস্যার সমাধান নয়; এটা আসলে নিজের ভেতরের মানুষটাকে একটু একটু করে গড়ে তোলার গল্প। এখানে বারবার ভুল হয়, আবার সেখান থেকেই জন্ম নেয় ধৈর্য। আর সেই ধৈর্যের ভেতরেই ধীরে ধীরে তৈরি হয় চিন্তা করার নতুন এক ভাষা।
তারা আরও বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শুধু ডিগ্রি দেওয়ার জায়গা নয়, এটা এমন একটি জায়গা, যেখানে শিক্ষার্থীরা ধীরে ধীরে নিজেদের ভেতরের সম্ভাবনাকে চিনতে শেখে। ছোট ছোট এমন আয়োজনই গড়ে তোলে আত্মবিশ্বাসী, দক্ষ আর স্বপ্নবান এক প্রজন্ম, যাদের হাতে সুরক্ষিত থাকবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব।
