বাংলাদেশে ক্যানসারের ওষুধ ‘ফ্যামহার্টু’ নিয়ে এলো জিসকা ফার্মাসিউটিক্যালস

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট শ্রেণির অত্যাধুনিক ক্যানসার ওষুধ ‘ফ্যামহার্টু’ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে।
এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় বিশ্বমানের ‘টার্গেটেড অনকোলজি থেরাপি’ এখন দেশেই সহজলভ্য হলো।
ফ্যামহার্টু (Famhertu) একটি বিশ্বস্বীকৃত HER2-ডাইরেক্টেড অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট, যা শরীরের সুস্থ কোষের ক্ষতি সর্বনিম্ন রেখে সরাসরি ক্যানসার কোষ ধ্বংস করে। এটি বিশেষত HER2-পজিটিভ ও HER2-লো স্তন ক্যানসার, পাকস্থলীর ক্যানসার এবং HER2-মিউট্যান্ট ফুসফুসের ক্যানসারসহ জটিল টিউমারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী।
পূর্বে এই উন্নত ওষুধটি বিদেশ থেকে আমদানি করতে অথবা বিদেশে চিকিৎসা করাতে রোগীদের চরম আর্থিক ও প্রক্রিয়াগত ভোগান্তি পোহাতে হতো। জিসকা অনকোলজি অ্যান্ড বায়োটেক বিভাগের উদ্যোগে ওষুধটি দেশেই আসায় রোগীদের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
ওষুধটির সর্বোচ্চ গুণগত মান ও কার্যকারিতা অটুট রাখতে জিসকা ফার্মাসিউটিক্যালস গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আন্তর্জাতিক cGMP মানসম্পন্ন OEB-4 প্ল্যান্ট এবং বিশেষায়িত ২–৮ ডিগ্রি সেলসিয়াস কোল্ড-চেইন নেটওয়ার্ক ব্যবহার করছে। এর মাধ্যমে সারা দেশের রোগীদের দোরগোড়ায় নিরাপদ ও বিনামূল্যে হোম ডেলিভারি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত জিসকা ফার্মাসিউটিক্যালস তিন দশকেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে মানসম্মত ওষুধ সরবরাহ করে আসছে।

