পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস রাজশাহী’ সচেতনতা অনুষ্ঠান, ১৪ ইলেকট্রনিক বুথ উদ্বোধন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়ন ও দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ৎ
তিনি জনগণকে ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
ক্যাশলেস লেনদেনের প্রসার, বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।




