logo

ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা কর্মশালায় সেশন স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করছেন ডা. জামান উম্মে হুমায়রা। ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব লাইফ সাইন্সেসের ফার্মেসি বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা-পরবর্তী জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামান উম্মে হুমায়রা এবং ইউআইইউর ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ‘আমরা নারী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিপ্লব।

বক্তব্যে ডা. জামান উম্মে হুমায়রা স্তন ক্যানসারের সাধারণ লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। স্তনের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) অর্থায়নে পরিচালিত স্তন ক্যানসারবিষয়ক গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ ধরনের গবেষণা স্তন ক্যানসার সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসার এবং ভবিষ্যতে গবেষণাভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যানসার মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণা, তথ্যভিত্তিক উদ্যোগ এবং চিকিৎসক ও গবেষকদের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় স্তন ক্যানসার জয়ী এক নারী তার চিকিৎসাযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসার বিভিন্ন ধাপ, শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জ এবং তা মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প শোনান তিনি। তার বক্তব্যে রোগীর মানসিক দৃঢ়তা, পরিবারের সহযোগিতা এবং চিকিৎসার পুরো সময়জুড়ে ইতিবাচক মনোভাব বজায় রাখার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

‘আমরা নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিপ্লব নারীস্বাস্থ্য ও স্তন ক্যানসার সচেতনতায় তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি, সুস্থ হয়ে ওঠা রোগী, স্বাস্থ্যসেবাকর্মী এবং সচেতনতামূলক কাজে যুক্ত ব্যক্তিদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেন।

এই কর্মশালা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্তন ক্যানসার নিয়ে প্রচলিত সামাজিক ভীতি, ভুল ধারণা ও সংকোচ দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। চিকিৎসক, গবেষক, রোগী ও সামাজিক উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালা স্তন ক্যানসার মোকাবিলায় সচেতনতা, সহমর্মিতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চিকিৎসক, গবেষক, স্তন ক্যানসার জয়ী ব্যক্তি এবং নারীস্বাস্থ্য নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।