logo
Advertisement

বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

এশিয়া পোস্ট নিউজ
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ছবি: বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসাইন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেনসারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. অলীউল আলম।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তারা একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যতের ফ্যাশন, টেক্সটাইল, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বর্তমান ও নবাগত একজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। এ সময় স্নোটেক্স গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা নিয়ে একটি কারিগরি ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে ডিন কার্যালয়, শিক্ষার্থী কল্যাণ বিভাগ, জনসংযোগ বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, হিসাব বিভাগ, আইটি, লাইব্রেরি, লজিস্টিকস ও প্রক্টর কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।