Advertisement

জনস্বাস্থ্য গবেষণা ও শিক্ষা এগিয়ে নিতে এসইউবি ও ডব্লিউবিবি ট্রাস্টের সমঝোতা স্মারক

এশিয়া পোস্ট ডেস্ক
জনস্বাস্থ্য গবেষণা ও শিক্ষা এগিয়ে নিতে এসইউবি ও ডব্লিউবিবি ট্রাস্টের সমঝোতা স্মারক
ছবি : সংগৃহীত

জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও সমাজভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই অনুষ্ঠানে হাম ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমঝোতা স্মারকে ডব্লিউবিবি ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক গাউস পিয়ারী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার। এসইউবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন।

সমঝোতা স্মারকের আওতায় জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, নীতিনির্ধারণে সহায়তা, শিক্ষার্থী সম্পৃক্ততা এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য কার্যক্রমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই সমঝোতা কার্যকর থাকবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ‘Emerging Public Health Challenges: Measles and Dengue Prevention and Control’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ড. কোয়াজী আহমেদ জাকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জনস্বাস্থ্যের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব জনস্বাস্থ্য গবেষণা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সমাজভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

গোলটেবিল বৈঠকে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ কৌশল, টিকাদান কর্মসূচি, রোগ নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এসইউবির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. আবু জামিল ফয়সল, অধ্যাপক ড. শামসুন নাহার, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান, ভাইস প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, আইসিডিডিআরবি, আইইডিসিআর, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ও মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের সমন্বয়ক মো. আল্লামা ফয়সাল।

আয়োজকদের মতে, এই উদ্যোগ জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, নীতিগত সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।