পর্দা নামল তিন দিনব্যাপী বিইউএফটি সিনেফ্রেম ফেস্টের

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তিন দিনব্যাপী বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬।
বৃহস্পতিবার (৯ জুলাই) জায়ান্ট গ্রুপ এবং অ্যাডুকেশন হাবের সহযোগিতা এবং বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে এই উৎসব শেষ হয়। ৭ জুলাই এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রুনা খান, সাদিয়া ইসলাম মৌ ও মীর সাব্বির এবং অন্যান্য চলচ্চিত্র পরিচালকরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’ এবং ‘দি ইউনিভার্সিটি অব চানখারপুল’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
উৎসব চলাকালে শিক্ষার্থীদের তৈরি ২৮টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয় এবং জুরি বোর্ডের মাধ্যমে সেরা চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





