বিইউবিটিতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া

এশিয়া পোস্ট নিউজ
বিইউবিটিতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয়, অগ্নি নির্বাপণ কৌশল এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় বিইউবিটি ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের হাতে-কলমে অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম, অগ্নি নির্বাপণ কৌশল এবং আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের প্রশিক্ষণ দেওয়া।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ট্রাস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা লে. জেনারেল (অব.) ডা. একেএম জাফরুল্লাহ সিদ্দিক। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আলী আহমেদ। মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় ক্যাম্পাসের খোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাস্তব অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপদে সরে যাওয়ার কৌশল, আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় এবং দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়াদানে সক্ষম একটি প্রস্তুত জনশক্তি গড়ে তোলাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।

উক্ত অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও দায়িত্বে ছিলেন বিইউবিটির প্রক্টর উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম। আয়োজকরা জানান, শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।