দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

মানসম্মত ও দায়িত্বশীল গবেষণা এবং প্রকাশনা নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) জাতীয় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগ আয়োজিত ‘হিউম্যানিটিজে দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। গোলটেবিল বৈঠকের আহ্বায়ক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ রাফি।
বাংলাদেশে গবেষণার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের ক্রমবর্ধমান অংশগ্রহণের সঙ্গে গবেষণার মান ও সততা, দায়িত্বশীল প্রকাশনা পদ্ধতি, একাডেমিক মেন্টরশিপ বা দিকনির্দেশনা, প্রকাশনার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং নতুন গবেষকদের সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
গোলটেবিল বৈঠকে শিক্ষক, গবেষক ও একাডেমিক নেতারা গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক সংলাপে অংশ নেন। এ সময় গবেষণায় শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এ ক্ষেত্রে কার্যকর ও সচেতনতামূলক পদক্ষেপ নিতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়।
আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়লা সুলতানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর এবং ইউল্যাবের অফিস অব ফ্যাকাল্টি রিসার্চের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হক জোয়ারদার।
ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আরিফা গনি রহমান সমাপনী বক্তব্য দেন।
আয়োজকদের ভাষ্য, গোলটেবিল বৈঠকটি আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে দায়িত্বশীল গবেষণা-সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর জাতীয় সংলাপের ক্ষেত্র তৈরি করেছে। একাডেমিক উৎকর্ষ ও গবেষণার সামগ্রিক মানোন্নয়নে ইউল্যাবের অঙ্গীকারের অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগ দেশের গবেষণা ও প্রকাশনার ভবিষ্যৎ নিয়ে গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও বিস্তৃত সংলাপের সুযোগ তৈরি করবে।