আইইউবিএটিতে দুই দিনব্যাপী উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন

তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১ ও ২ আগস্ট আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণালব্ধ ধারণা এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় প্রকল্প প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, লাইন অনুসরণকারী (লাইন ফলোয়ার) রোবট, ফুটবল রোবট, দূরনিয়ন্ত্রিত গাড়ি, ট্রাস নকশা, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ, সফটওয়্যার উদ্ভাবন, ব্যবসায়িক কেস বিশ্লেষণ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনসহ মোট ১০টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে প্রকল্প প্রদর্শনীতে ‘এগ্রি স্পার্ক’, গবেষণা পোস্টার উপস্থাপনায় ‘সোলার সেলস’, ট্রাস নকশা প্রতিযোগিতায় ‘জেন সিভিল’, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণে ‘লিংক স্টেপস’, ফুটবল রোবট বিভাগে ‘এইট ফাইটার’, লাইন অনুসরণকারী রোবট বিভাগে ‘নেক্সট জেন রোবোটিক্স’, দূরনিয়ন্ত্রিত গাড়ি প্রতিযোগিতায় ‘এইট রোভার’, ব্যবসায়িক কেস বিশ্লেষণে ‘অ্যাসেট ক্যাপ’ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় ‘সোলার সোল’ সেরা নির্বাচিত হয়। সফটওয়্যার উদ্ভাবন বিভাগে বিজয়ী হয় ‘ওয়েব ডেভ-রেজিস্ট্যান্স ২.০’ দল।
প্রতিযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র, স্মারক উপহার ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এছাড়া বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সর্বমোট ৭৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ, প্রযুক্তির কার্যকর ব্যবহার, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো। একই সঙ্গে বাস্তব জীবনের সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মাহমুদুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজন দেশের তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
.png)


