ইউআইইউতে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতি, করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সরাসরি ধারণা দিতে এর আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক সেবা, নিয়োগ, আবাসন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের স্বনামধন্য করপোরেট ও মানবসম্পদ পেশাজীবীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সঙ্গে শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি করা এবং বর্তমান সময়ের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন আইসিডিডিআর,বির মানবসম্পদ উপদেষ্টা এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্সের (এফবিএইচআরও) প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন।
তিনি ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আগামী দিনের ব্যবসায়িক গ্র্যাজুয়েটদের কাছ থেকে নিয়োগদাতারা যে দক্ষতা, সক্ষমতা ও পেশাগত গুণাবলি প্রত্যাশা করেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তনশীল কর্মপরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কর্মজীবনে সফলতার জন্য প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, ইতিবাচক মানসিকতা, শেখার আগ্রহ এবং পেশাগত দায়িত্ববোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট প্রধান, মানবসম্পদ ও পরিচালক এম. সাব্বির আলী (এসএইচআরএম-এসসিপি), সিটিব্যাংক এন.এ.-এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আসিফ জামান; মাইজবস ডটকম ডটবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান (সবুজ), ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির প্রধান জনবল ও সংস্কৃতি কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ শামীম, শেলটেক (প্রা.) লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার মিস সাবাহ কবির নবী এবং দ্য ডেইলি স্টারের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. মাহমুদুল হাসান খান।
প্যানেল আলোচনায় বক্তারা ক্যারিয়ার উন্নয়ন, নিয়োগ কৌশল, পেশাগত নৈতিকতা, নেতৃত্ব, কর্মক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সাংগঠনিক সংস্কৃতি এবং প্রতিযোগিতামূলক করপোরেট পরিবেশে সফল হতে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অধিবেশনটির সভাপতি ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উপদেষ্টা-অ্যাডজাঙ্কট প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বর্তমান চাকরির বাজারের সুযোগ ও চ্যালেঞ্জ, পরিবর্তনশীল কর্মক্ষেত্রের বাস্তবতা এবং পেশাগত জীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম আমন্ত্রিত অতিথি, আলোচক ও ইউআইইউ শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় নিশ্চিত করেন।
উক্ত অনুষ্ঠান একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা উপস্থিত করপোরেট নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং ক্যারিয়ার প্রস্তুতি, পেশাগত উন্নয়ন, নিয়োগ প্রক্রিয়া ও কর্মক্ষেত্রে নিয়োগকর্তাদের প্রত্যাশা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিবিএ প্রোগ্রাম শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি শিল্পখাতের সঙ্গে এর সম্পৃক্ততা আরও জোরদার করবে। একই সঙ্গে দক্ষ, আত্মবিশ্বাসী, নৈতিক এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্রাজুয়েট তৈরিতে প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালায়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন করপোরেট সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


