Advertisement

দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু

এশিয়া পোস্ট ডেস্ক
দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু
ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) আয়োজনে ছয় দিনব্যাপী Full Stack Web Development Workshop 2026 শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কম্পিউটার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক ওয়েব প্রযুক্তি MERN Stack—MongoDB, Express.js, React এবং Node.js ব্যবহার করে বাস্তবধর্মী ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও ডিপ্লয়মেন্টের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) মডারেটর অর্ক শিকদার, বিভাগের শিক্ষক, ক্লাবের সদস্য এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ড. শহিদুল ইসলাম খান বলেন, বর্তমান বিশ্বে সফটওয়্যার শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং দক্ষ ফুল স্ট্যাক ডেভেলপারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তিনি শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেন্ড ওয়াচার্স এলএলসি (যুক্তরাষ্ট্র)-এর সিনিয়র ডেভেলপার এবং ফাস্টেস্ট ক্রিয়েটরসের সহ-প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম। সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা React, Node.js, Express.js ও MongoDB ব্যবহার করে পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, ডাটাবেস ইন্টিগ্রেশন, API ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আয়োজকদের মতে, ইন্টারঅ্যাকটিভ সেশন, লাইভ কোডিং এবং বাস্তব প্রকল্পভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। কর্মশালা সফলভাবে সম্পন্নকারীদের সনদও প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য দক্ষ সফটওয়্যার ডেভেলপার তৈরি করতে সহায়ক হবে। একই সঙ্গে দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।