Advertisement

ইউল্যাবে শেষ হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’

এশিয়া পোস্ট ডেস্ক
ইউল্যাবে শেষ হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’
ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্কুল অব বিজনেস (ইউএসবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন এক্সপো ২০২৬’ বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামার ২০২৬ সেমিস্টারের কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ এক্সপোতে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতামূলক এই আয়োজনে প্রায় ৩০০ শিক্ষার্থী ৩৫টি দলে বিভক্ত হয়ে অংশ নেন। অভিজ্ঞ বিচারকদের একটি প্যানেল প্রকল্প ও উপস্থাপনা মূল্যায়ন করেন। সৃজনশীলতা এবং উদ্ভাবনী সমস্যা সমাধানের দক্ষতার ভিত্তিতে ১৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এক্সপোর মাধ্যমে ব্যবসায় শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স এবং বিশেষায়িত সাপ্লাই চেইন বিষয়ক কোর্সগুলোকে একীভূত করা হয়। সংশ্লিষ্ট কোর্সের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকল্প বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা দেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ইউল্যাব শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের সঙ্গে অনুষ্ঠিত ‘করপোরেট মনসুন ফ্ল্যাশমব’, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

সমাপনী অনুষ্ঠানে ‘দ্য ইকোনমি অব মনসুন’ শীর্ষক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। এ সময় বক্তব্য দেন ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদও।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ওয়াজির আহমদ ধন্যবাদ জ্ঞাপন করলে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।