স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ৮ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘Give to Gain’। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে নারীদের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা হয়।
অনুষ্ঠান শুরু করেন স্কুল অব হেলথ সায়েন্সের ডিন অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নারীদের নেতৃত্ব আরও বিস্তৃত হওয়া উচিত। সমতা, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে নারীদের অগ্রগতি আরও শক্তিশালী করা সম্ভব।
এবারের আয়োজনটি কিছুটা ভিন্নধর্মী ছিল। শুধু নারী সদস্যরাই নয়, বিশ্ববিদ্যালয়ের পুরুষ কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়, যাতে তারা নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও সম্মানবোধ নিয়ে মতামত দিতে পারেন। এতে একটি উন্মুক্ত ও আন্তরিক আলোচনা পরিবেশ তৈরি হয়।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতার হোসেন খান। তিনি বলেন, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বিশ্ববিদ্যালয় নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সবসময় সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার ফারহানা শারমিন। নারী শিক্ষক ও কর্মকর্তারা নিজেদের একাডেমিক ও কর্মক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করেন এবং নারীদের উন্নয়ন, নেতৃত্ব ও অন্তর্ভুক্তি বিষয়ে মতামত প্রদান করেন।
আলোচনায় বক্তারা নারীদের পেশাগত অগ্রগতি, নেতৃত্ব, মেন্টরশিপের গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বসহকারে মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য কুইজ ও গেম শোর আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবস নারীদের অগ্রগতির পথকে সুগম করার পাশাপাশি সমতা প্রতিষ্ঠায় কাজ করার অনুপ্রেরণা দেয়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ একাডেমিয়ায় নারীদের আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।