Advertisement

ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের তৃতীয়বার অ্যাক্রেডিটেশন নবায়ন

এশিয়া পোস্ট ডেস্ক
ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের তৃতীয়বার অ্যাক্রেডিটেশন নবায়ন
ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই প্রোগ্রামের তৃতীয়বার অ্যাক্রেডিটেশন নবায়ন। ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড-স্বীকৃত) অ্যাক্রেডিটেশন তৃতীয়বারের মতো নবায়ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইরা অংশ নেন।

Advertisement

ইস্টার্ন ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রাম এর আগে ধারাবাহিকভাবে দুইবার আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশনের আওতায় ছিল। এবার তৃতীয়বারের মতো এ স্বীকৃতি নবায়ন হওয়ায় ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত আরও ছয় বছরের জন্য প্রোগ্রামটি আন্তর্জাতিক এ অ্যাক্রেডিটেশনের আওতায় থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে এ অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শনিবার (৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম রেজওয়ান খান। এতে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল হুমায়ুন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা ইইই বিভাগের এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন একটি প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষ ও গুণগত মানের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন।

উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ইইই বিভাগের তৃতীয়বারের মতো অ্যাক্রেডিটেশন নবায়নকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অর্জন শুধু একটি বিভাগের নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি অধ্যাপক ড. এম রেজওয়ান খান ইইই বিভাগের অ্যাক্রেডিটেশন নবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, দক্ষতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ প্রকৌশলী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যের পর শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান তাদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানের একপর্যায়ে ইইই বিভাগ ও ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক ড. এম রেজওয়ান খানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ও প্রধান অতিথি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এর মধ্য দিয়ে ইইই বিভাগের তৃতীয়বারের মতো আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশন নবায়নের অর্জন উদ্‌যাপন করা হয়।