logo

স্যান্ডোজের সঙ্গে ওষুধ আমদানিতে নতুন চুক্তি করল জেনোভিয়ান লাইফসায়েন্স

স্যান্ডোজের সঙ্গে ওষুধ আমদানিতে নতুন চুক্তি করল জেনোভিয়ান লাইফসায়েন্স

সুইজারল্যান্ডভিত্তিক জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশের জেনোভিয়ান লাইফসায়েন্স পিএলসি। এর মাধ্যমে বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ধরনের ওষুধ আমদানি ও বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। নতুন চুক্তির আওতায় বিশেষ প্রযুক্তিতে তৈরি কিছু জটিল জেনেরিক ওষুধও বাংলাদেশে আনার কথা রয়েছে।

সম্প্রতি স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডির সঙ্গে এই চুক্তি সই করেছে জেনোভিয়ান লাইফসায়েন্স। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজির আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে।

জেনোভিয়ান লাইফসায়েন্সের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির মাধ্যমে বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বিপণনের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে প্রস্তুত কিছু জটিল জেনেরিক ওষুধও থাকবে। ফলে জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত এসব ওষুধ বাংলাদেশি রোগীদের জন্য আরও সহজলভ্য হওয়ার সুযোগ তৈরি হবে।

সুইজারল্যান্ডের সিবা-গেইগি ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ওষুধ শিল্পে দুই শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে আরেক বহুজাতিক প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে বৈশ্বিক একীভূতকরণের পর ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম পরিচালনা শুরু করে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসা প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

শেয়ার হস্তান্তরের পর নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে জেনোভিয়ান লাইফসায়েন্স পিএলসি রাখা হয়।

নতুন পরিচয়ে জেনোভিয়ান তাদের টঙ্গীতে অবস্থিত কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করছে। কারখানাটি ইউরোপীয় ইউনিয়নের জিএমপি সনদপ্রাপ্ত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এখানে নোভার্টিস ও স্যান্ডোজের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ একাধিক লাইসেন্সিং ব্যবস্থার আওতায় উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। একই কারখানা থেকে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় রপ্তানি করা ওষুধ বিশ্বের বিভিন্ন দেশেও আমদানি করছে স্যান্ডোজ।

আন্তর্জাতিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার উদ্যোগ

স্যান্ডোজের সঙ্গে নতুন চুক্তিকে জেনোভিয়ান লাইফসায়েন্সের আন্তর্জাতিক অংশীদারত্ব বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির ফলে বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন জেনেরিক ওষুধের পাশাপাশি বিশেষ প্রযুক্তিতে তৈরি কিছু জটিল ওষুধ ব্যবহারের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জটিল রোগের চিকিৎসায় প্রয়োজনীয় কিছু ওষুধ দেশের রোগীদের জন্য আরও সহজলভ্য করার সুযোগ তৈরি হতে পারে।

চুক্তির আওতায় কোন কোন ওষুধ বাংলাদেশে আমদানি ও বাজারজাত করা হবে এবং সেগুলো কবে থেকে বাজারে পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করবে।