Advertisement

পিইউবির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে নবীনবরণ-বিদায় অনুষ্ঠান

এশিয়া পোস্ট ডেস্ক
পিইউবির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে নবীনবরণ-বিদায় অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

দি পিপল'স ইউনিভার্সিটি অব বাংলাদেশের (পিইউবি) সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. দিপুল হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নাজমুল হাসান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, পিইউবি; আবু বকর সিদ্দিক, উপদেষ্টা (পরিকল্পনা ও উন্নয়ন), পিইউবি; শাহ নুরন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পিইউবি এবং অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, ভারপ্রাপ্ত উপাচার্য, পিইউবি নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক জ্ঞান অর্জনের জায়গা নয়; একজন শিক্ষার্থীর চিন্তা, নেতৃত্ব, দক্ষতা ও মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, পিইউবি, নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবনে জ্ঞানার্জনের পাশাপাশি সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে কর্মজীবন ও সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয়। পরে দুপুরের খাবার ও নামাজের বিরতির পর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।