logo
Advertisement

আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন

এশিয়া পোস্ট ডেস্ক
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন
ছবি : সৌজন্যে-আইইউবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর তিনটি নাটকের ইংরেজি অনুবাদ নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি) এবং আইইউবি লাইব্রেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম: থ্রি প্লেজ নামের অনুবাদগ্রন্থটি প্রকাশ করা হয়। বইটিতে কাজী নজরুল ইসলামের তিনটি নাটক শ্রীমন্ত, বিদ্যাপতি ও বিষ্ণুপ্রিয়া-এর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে। নাটক তিনটি যথাক্রমে অনুবাদ করেছেন রাবিয়াহ বিনতে হোসাইন, জারিফা তানয়ীর চৌধুরী ও ফারহীন তাসনিম। পাশাপাশি বইটিতে কবির লায়লা-মজনু নাটকের ১১টি গানও ইংরেজিতে অনুবাদ করে যুক্ত করা হয়েছে। গানগুলো অনুবাদ করেছেন মায়িশা মিজান নীহা।

অনুবাদকদের সবাই আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থী। বইটির সম্পাদনা করেছেন একই বিভাগের অধ্যাপক এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।

অনুষ্ঠানে নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের মধ্যে সনদ, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম। অনুষ্ঠানের শুরুতে নজরুলসংগীত পরিবেশন করেন এবং কবির প্রতি অঞ্জলি নিবেদন করেন আইইউবির আইন বিভাগের শিক্ষার্থী তাহসিন মিতি। পরে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।

অনুবাদকদের পক্ষে বক্তব্য দেন রাবিয়াহ বিনতে হোসাইন। অনুবাদগ্রন্থটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। বইটি নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক ড. এ. এইচ. এম. হায়াতুল্লাহ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির গ্রন্থাগারিক মো. শাহজাদা মাসুদ আনোয়ারুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।