Advertisement

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘জুলাইয়ের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা

এশিয়া পোস্ট ডেস্ক
কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘জুলাইয়ের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা
‘জুলাইয়ের কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, তারুণ্যের প্রত্যয় এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত ঘটনা এবং আন্দোলন-পরবর্তী সময়ে দ্রুত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Advertisement

বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আপনাদের এই তৎপরতা দেখে আমি অবাক হয়েছি।

তিনি আরও বলেন, আমি নিজে দেখেছি, ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করা হয়েছিল। এই ভগ্নদশা থেকে এত দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো বেশ চ্যালেঞ্জিং ছিল। কানাডিয়ান ইউনিভার্সিটি সেটি করে দেখিয়েছে।

প্রতিষ্ঠার এক দশকের মধ্যেই শিক্ষার মানের কারণে বিশ্ববিদ্যালয়টি অনেক দূর এগিয়েছে বলেও প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে যা যা করা প্রয়োজন, ট্রাস্টি বোর্ড তা করবে। এ জন্য তিনি শিক্ষার্থীদের কাছ থেকে একটি রূপরেখা দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। এ জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হবে।

পরে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।