ইউল্যাবে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলার শুরুতে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।
মিচেল লি বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ কাজে লাগাতে হবে। পাশাপাশি সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ সময় তিনি ইউল্যাবের লিবারেল আর্টস-ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।
ইউল্যাবের উপাচার্য প্রফেসর সামসাদ মর্তূজা, পিএইচডি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময় এটি।
তিনি নবীন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিকশিত করার আহ্বান জানান।
ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া বকুল ফুলের বীজসমৃদ্ধ ‘সিড বক্স’। উপাচার্য এ উদ্যোগের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের ব্যক্তিগত বিকাশ ও রূপান্তরের প্রতীক হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বীজগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার পাশাপাশি গাছের বেড়ে ওঠার সঙ্গে নিজেদের বিকাশের গল্পও ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। এ উদ্দেশ্যে ইউল্যাবের ওয়েবসাইটে একটি বিশেষ পেজ রাখা হয়েছে।
নবীন শিক্ষার্থীদের পক্ষে মারভিয়া ফাতেমা ভূমি ইউল্যাবে তার নতুন যাত্রা নিয়ে অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন ইউল্যাবের সাবেক শিক্ষার্থী শেখ শাহনুমা শারমিন, যিনি বর্তমানে বিওয়াইডি বাংলাদেশের ম্যানেজার, ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি এবং বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি। এ ছাড়া রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কোক স্টুডিও বাংলার উপস্থাপনায় ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ পরিবেশনা নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজনটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।

