Advertisement

নৈতিক সাংবাদিকতা শেখাতে এডাস্টে নতুন শর্ট কোর্স, উদ্বোধনী সেমিনারে বিশেষজ্ঞদের গুরুত্বারোপ

এশিয়া পোস্ট ডেস্ক
নৈতিক সাংবাদিকতা শেখাতে এডাস্টে নতুন শর্ট কোর্স, উদ্বোধনী সেমিনারে বিশেষজ্ঞদের গুরুত্বারোপ
ছবি : সংগৃহীত

ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের সঙ্গে ভুয়া খবর ও বিভ্রান্তিকর কনটেন্টের ঝুঁকিও বাড়ছে। এ বাস্তবতায় নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষ জনবল গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করেছে এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন শীর্ষক একটি শর্ট কোর্স।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়েলিটি শীর্ষক সেমিনারের মাধ্যমে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপন।

সেমিনারে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশনের নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজের উপসম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়কারী জোবায়ের আহমেদ এবং প্রভাষক ফরহাদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাস্ট সাংবাদিক সমিতির সভাপতি সুমন সিকদার।

সেমিনারে আলোচকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের ফলে সংবাদ পরিবেশনের ধরনে বড় পরিবর্তন এসেছে। একই সঙ্গে বেড়েছে ভুয়া তথ্য, অপতথ্য এবং বিভ্রান্তিকর কনটেন্টের ঝুঁকি। এ পরিস্থিতিতে তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল কনটেন্ট নির্মাণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে দক্ষ সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন।

তাঁরা আরও বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদার করতে হবে। পাশাপাশি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশ এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন বক্তারা।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার ভবিষ্যৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে প্রশ্ন করেন। আলোচকেরা নিজেদের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে এসব বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারহ আনওয়ার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং কনটেন্ট নির্মাতারা।

কোর্স সমন্বয়ক কেয়া বোস জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শর্ট কোর্সটি শুরু হবে। এতে অংশগ্রহণকারীরা নৈতিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার বিষয়ে দেশের অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।