logo

১৭তম এশিয়া ফার্মা ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬-এর উদ্বোধন

১৭তম এশিয়া ফার্মা ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬-এর উদ্বোধন

রূপগঞ্জে তিন দিনব্যাপী ১৭তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬-এর উদ্বোধন হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজনের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)-এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ও ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার এবং জিপিই এক্সপো লিমিটেডের সিইও পারেশ জুরমারভালা। সভাপতিত্ব করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ঔষধশিল্প একটি মানবিক খাত। দেশের উৎপাদকরা জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। খাতটির সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশের ঔষধশিল্প আরও শক্তিশালী হবে। বিশ্বে জ্বালানি সংকটের প্রভাব অনেক দেশে ওষুধের দামে পড়লেও বাংলাদেশে তা তুলনামূলক কম।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, এ ধরনের আয়োজন জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে এবং সরকার ফার্মা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে ২০টির বেশি দেশের ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফার্মাসিউটিক্যাল প্রসেসিং, প্যাকেজিং, এপিআই, এক্সিপিয়েন্টস, ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম, এইচভিএসি, পানি ব্যবস্থাপনা ও টার্নকি প্রকল্পসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

২০০৩ সাল থেকে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো ফার্মাসিউটিক্যাল উৎপাদন সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এটি উদ্যোক্তা, গবেষক ও কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য নতুন প্রযুক্তি ও সমাধান জানার সুযোগ তৈরি করে আসছে।