গুলশানে রোটারি ক্লাব অব ঢাকা লেগেসির ১৫তম ইনস্টলেশন অনুষ্ঠিত

রাজধানীর গুলশান ক্লাবে রোটারি ক্লাব অব ঢাকা লেগেসির ১৫তম ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ক্লাবটির নতুন পরিচয় ‘রোটারি ক্লাব অব ঢাকা লেগেসি’ ঘোষণা করা হয়। এর আগে ক্লাবটির নাম ছিল ‘রোটারি ক্লাব অব ঢাকা লালমাটিয়া’।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ‘লালমাটিয়া টু লেগেসি’ শিরোনামের এ অনুষ্ঠানে ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি আর্কিটেক্ট ড. মহিউদ্দিন আলমগীর সুপ্রিয়। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোহাম্মদ কামরুল হাসান।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি জানে আলম শাহিন বলেন, নতুন মেয়াদে ক্লাব চারটি বিষয়ে অগ্রাধিকার দেবে। এগুলো হলো—সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করতে পারে এমন টেকসই সেবামূলক প্রকল্প গ্রহণ, সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি জোরদার করা এবং ‘লেগেসি’ নামের মর্যাদা ধরে রাখা।
তিনি বলেন, একার পক্ষে এসব লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। বোর্ড সদস্য ও ক্লাবের সদস্যদের সহযোগিতার মাধ্যমে এসব উদ্যোগ সফল করা হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, শিক্ষা সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারির কান্ট্রি কোঅর্ডিনেটর (বাংলাদেশ) পিডিজি ইশতিয়াক জামান। তিনি বলেন, মানবসেবা, পোলিও নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে রোটারির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন নেতৃত্ব এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি–৬৪) পিডিজি এ কে এম শামসুল হুদা। সম্মানিত অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি–৬৫) পিডিজি এম আতাউর রহমান পীর। তারা ক্লাবের নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও রোটারিয়ানরা অংশ নেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



