logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চিত্রশিল্পী শামীম আকন্দের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘পথিকৃতের প্রতিকৃতি’

চিত্রশিল্পী শামীম আকন্দের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘পথিকৃতের প্রতিকৃতি’
এসএমসি এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। ছবি: এশিয়া পোস্ট

চিত্রশিল্পী শামীম আকন্দের প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। ‘পথিকৃতের প্রতিকৃতি’ শিরোনামের এই প্রদর্শনী চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী ও লেখক জাহিদ মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য চিত্রশিল্পী আবুল বারক আলভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী ও কবি শিশির মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে সায়েফ নাসির শিল্পী শামীম আকন্দের করপোরেট প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে শিল্পচর্চা চালিয়ে যাওয়ার প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি আবুল বারক আলভী শিল্পীর কয়েকটি প্রতিকৃতিতে গতির প্রকাশের প্রশংসা করেন এবং তাকে এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ দেন।

অন্যদিকে জাহিদ মুস্তাফা শিল্পীর কাজের প্রশংসা করার পাশাপাশি কিছু প্রতিকৃতিতে আরও মিল আনার সুযোগ ছিল বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে শিল্পী শামীম আকন্দ তার শিল্পচর্চার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে নিজের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনীর ঘোষণাও দেন। ‘দিগন্তের ওপারে’ চেনা সীমানার বাইরে শিরোনামে সাজানো হবে তার পরবর্তী প্রদর্শনী।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে আগামী ৩০ এপ্রিল, ২০২৭ তারিখে বরেন্দ্র আর্ট স্পেসের ভার্চুয়াল গ্যালারিতে এর বৈশ্বিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পানুরাগীরা এক সঙ্গে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

বর্তমান প্রদর্শনীতে শিল্পীর আঁকা ৫০টিরও বেশি প্রতিকৃতি স্থান পেয়েছে। এসব কাজ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে রয়েছে পেনসিল, চারকোল, কালি-কলম, জলরং, প্যাস্টেল ও সফট প্যাস্টেল।

চিত্রশিল্পের পাশাপাশি শামীম আকন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি সোসাইটি অব ফাইন আর্টসের কার্যকরী পরিষদের সদস্য, সম্মিলিত পাঠাগার আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টাঙ্গাইল সোসাইটি, ঢাকার সহসভাপতি।

এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী কমিটির সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ চলচ্চিত্র সংসদের ঢাকা বিভাগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৯ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইলে জন্মগ্রহণ করেন শামীম আকন্দ। বেড়ে ওঠা ও পড়াশোনা মধুপুরে। ১৯৯৪ সালে এসএসসি, ১৯৯৬ সালে এইচএসসি পাস করেন তিনি। ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বেসরকারি প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে সহকারী ব্যবস্থাপক ও গ্রাফিকস ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন।