logo

অক্সিজেন থেরাপিকে ‘অত্যবশ্যকীয় সেবা’ স্বীকৃতি দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অক্সিজেন থেরাপিকে ‘অত্যবশ্যকীয় সেবা’ স্বীকৃতি দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’ সংলাপে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: সৌজন্যে

দেশে মেডিকেল অক্সিজেনের সুষম, নিরাপদ ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে অক্সিজেন থেরাপিকে ‘অত্যবশ্যকীয় স্বাস্থ্যসেবা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। একই সঙ্গে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ ‘অক্সিজেন রোডম্যাপ’ তৈরির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’-এর নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস)-এর সহযোগিতায় এবং ‘বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক’-এর উদ্যোগে গত ৩ ও ৪ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিকেল অক্সিজেন’।

সম্মেলনের শেষ দিন (৪ অক্টোবর) আইইউবির মাল্টিপারপাস হলে আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের বাজেটেই বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে, যার মাধ্যমে প্রথম পর্যায়ে দ্রুততম সময়ে অন্তত ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পরবর্তীতে আগামী অর্থবছরে এটি পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই সামিটে উঠে আসা গবেষণা, তথ্য-উপাত্ত ও ঘোষণাপত্র সরকারের রোডম্যাপ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে আরও বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক সায়েবা আখতার, এসওএসবির মহাসচিব অধ্যাপক মো. মনির হোসেন খান, এপিবির সভাপতি অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান।

এছাড়া বিশিষ্ট আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. শামস আল আরেফিন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. কে এস বেন্নূর, সোমালিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি ডা. এস কে মামুনুর রহমান মালিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস এম আসিব নাসিম ও হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।

এর আগে ৩ অক্টোবর আইইউবি উপাচার্য অধ্যাপক ম. তামিম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন এবং মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান। এতে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. মালালয় আহমাদজাই।

প্রথম দিনে দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়

মেডিকেল অক্সিজেন চাহিদা, উৎপাদন ও সরবরাহ: ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বারডেমের অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লার সহ-সভাপতিত্বে এ অধিবেশন সঞ্চালনা করেন ডা. এস এম মোয়াজ্জেম হোসেন। এতে দেশি-বিদেশি বিষেশজ্ঞরা অক্সিজেন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন: দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। আইসিডিডিআরবির বিজ্ঞানী ডা. আহমেদ এহসানুর রহমানের সঞ্চালনায় এ অধিবেশনে জনস্বাস্থ্য গবেষক ও শিক্ষাবিদরা অক্সিজেন প্রযুক্তির আধুনিকায়ন ও শিক্ষাক্রম নিয়ে আলোকপাত করেন।

প্রথম দিনে ‘মিট দ্য অক্সিজেন চ্যাম্পিয়নস’ শিরোনামে এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার। দুই দিনব্যাপী এই সামিটে দেশের শীর্ষ সরকারি কর্মকর্তা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নিয়ে বাংলাদেশে অক্সিজেন নিরাপত্তাকে টেকসই ও সর্বজনীন করার তাগিদ দেন।