logo

ইকো কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

ইকো কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইকো কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ জুলহাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিআরআইএবি) প্রতিষ্ঠাতা সভাপতি খাবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ) মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার, বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও চেয়ারম্যান এবং মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (এমআইবি) সদস্য সচিব ড. শরিফুল ইসলাম দুলু।

এ সময় বক্তারা বিশেষভাবে বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ এবং নির্বিচারে বৃক্ষ নিধনের মতো পরিবেশগত সমস্যার ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়, যা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের বার্তা প্রদান করে।

ইকো কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তফাজ্জামান বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইকো কেয়ার ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান খন্দকার মো. রাফিক হাসান অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।