Advertisement

সাউথইস্ট ব্যাংকের প্রথম গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক ২০২৬’ উন্মোচন

এশিয়া পোস্ট নিউজ
সাউথইস্ট ব্যাংকের প্রথম গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক ২০২৬’ উন্মোচন
ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ হিসেবে তাদের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক ২০২৬: অ্যাঙ্করিং ইনসাইট’ উন্মোচন করেছে।

Advertisement

ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গত ২ আগস্ট ঢাকার প্রধান কার্যালয়ে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

ব্যাংকটির মতে, করপোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এ প্রকাশনার মূল লক্ষ্য। পাশাপাশি পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে কার্যকর অন্তর্দৃষ্টি প্রদানেও এটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র নির্বাহী, বিভাগীয় প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন প্রকাশনাটির উদ্দেশ্য, গবেষণা কাঠামো, বিশ্লেষণী পদ্ধতি এবং প্রণয়ন প্রক্রিয়া তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী গবেষণাভিত্তিক অন্তর্দৃষ্টি এবং গবেষণামুখী সাংগঠনিক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান বলেন, ‘ইকোনমিক আউটলুক ২০২৬: অ্যাঙ্করিং ইনসাইট’ সাউথইস্ট ব্যাংকের জ্ঞানভিত্তিক ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সদস্যদের অভিনন্দন জানান এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনায় সহায়ক টেকসই গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এ ধরনের গবেষণা প্রকাশনার মাধ্যমে সাউথইস্ট ব্যাংক প্রাতিষ্ঠানিক জ্ঞানভিত্তি আরও শক্তিশালী করা এবং দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাবে।