মাসিক স্বাস্থ্য নিয়ে সংকোচ নয়, কিশোরীদের আত্মবিশ্বাসী হতে ‘মনের কথা’
-bcc67c-720x405.webp)
মাসিক নিয়ে কিশোরীদের মধ্যে থাকা সংকোচ, ভুল ধারণা ও নানা প্রশ্ন দূর করতে ঢাকার উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আয়োজন ‘মনের কথা’। মাসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি কিশোরীদের মানসিকভাবে শক্ত ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার বিষয়ে আয়োজনে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি ও মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকী। মাসিকের সময় কীভাবে নিজের যত্ন নিতে হবে, কোন বিষয়গুলো স্বাভাবিক এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, তা শিক্ষার্থীদের সহজ ভাষায় বোঝানো হয়।
আয়োজনের অংশ হিসেবে ছিল প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীরা মাসিক স্বাস্থ্য ও শারীরিক পরিবর্তন নিয়ে নিজেদের বিভিন্ন প্রশ্ন সরাসরি করার সুযোগ পায়। ফলে অনেক বিষয়ে থাকা দ্বিধা ও সংকোচ দূর করার সুযোগ তৈরি হয়।
শুধু শারীরিক স্বাস্থ্য নয়, কিশোরীদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে। জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শিক্ষার্থীদের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যর্থতা, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা, সামাজিক চাপ এবং নিজের স্বপ্ন নিয়ে কথা বলেন।
আলোচনায় শিক্ষার্থীদের নিজেদের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি ব্যর্থতাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে দেখার বিষয়ে উৎসাহ দেওয়া হয়। সামাজিক চাপ বা অন্যের মতামতের কারণে যেন নিজের স্বপ্ন থেকে পিছিয়ে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। পাশাপাশি নিজের শরীরের যত্ন নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং নিজের প্রতি দায়িত্বের অংশ, এই বার্তাও তুলে ধরা হয়।
‘মনের কথা’ আয়োজনের মূল বার্তা ছিল, জানো, বলো এবং এগিয়ে চলো। মাসিক একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটি যেন কোনো কিশোরীর পড়াশোনা, আত্মবিশ্বাস কিংবা ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই সচেতনতা তৈরিই ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।


