দেশীয় স্কিন ও বিউটি কেয়ারে ভোক্তার আস্থা, বিস্তৃত হচ্ছে পণ্য বৈচিত্র্য

দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে পণ্যের বৈচিত্র্য বাড়ছে। ত্বক, চুল ও শরীরের পরিচর্যার প্রচলিত পণ্যের বাইরে মেকআপ, বেবি কেয়ার ও সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্যেও বিস্তৃত হচ্ছে ব্র্যান্ডগুলোর কার্যক্রম। ভোক্তার চাহিদা পরিবর্তনের পাশাপাশি নতুন পণ্য শ্রেণিতে প্রবেশের মাধ্যমে বাজার সম্প্রসারণের চেষ্টা করছে উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে পণ্য উন্নয়ন, ফর্মুলেশন, উৎপাদন প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণের সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বাজারে দীর্ঘদিনের পরিচিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন প্রজন্মের ব্র্যান্ডও পণ্যসম্ভার বিস্তৃত করছে। রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলির অধীনে বর্তমানে ৩৮টি ক্যাটাগরিতে পণ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই তালিকায় ম্যারিকোর প্যারাস্যুটের ১৯টি, স্কয়ার টয়লেট্রিজের মেরিলের ১৪টি, ইউনিলিভারের পন্ডসের ১৪টি এবং কোহিনূর কেমিক্যালসের তিব্বতের সাতটি ক্যাটাগরির পণ্য রয়েছে।
পণ্য বৈচিত্র্যে ব্র্যান্ডগুলোর অবস্থান
প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া পণ্য তালিকা অনুযায়ী, ক্যাটাগরির সংখ্যায় লিলির পণ্যসম্ভার সবচেয়ে বিস্তৃত। ব্র্যান্ডটির পণ্য রয়েছে স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার, বেবি কেয়ার, কালার কসমেটিকস ও বিউটি অ্যাক্সেসরিজে। ত্বকের পরিচর্যায় ফেসওয়াশ, ফেসমাস্ক, সিরাম জেল, সুথিং জেল, ময়েশ্চারাইজিং লোশন, বিউটি ক্রিম, লিপবাম ও মাইসেলার ওয়াটার রয়েছে। চুলের যত্নে রয়েছে বিভিন্ন ধরনের শ্যাম্পু, সিরাম অয়েল ও হেয়ার গ্রোথ অয়েল।
কালার কসমেটিকস বিভাগে লিপস্টিক, লিপগ্লস, মাসকারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, বিবি ক্রিম, কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশ, কনট্যুর, আইশ্যাডো প্যালেট ও নেইলপলিশ রয়েছে। শিশুদের জন্য ‘লিলি লিটল ওয়ান’ সিরিজে রয়েছে বেবি লোশন, টপ-টু-টো ওয়াশ, বেবি পাউডার, শ্যাম্পু, বেবি অয়েল, বেবি ক্রিম, সানস্ক্রিন, মশা প্রতিরোধক ক্রিম ও টুথপেস্ট।
এ ছাড়া ‘এসেনশিয়ালস’ লাইনে মেকআপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার, কটন প্যাড, ফলস ল্যাশ, ফেক নেইল, চিরুনি, হেয়ার ব্রাশ, শাওয়ার ক্যাপ, পাউচ ব্যাগ, ক্লিপ, স্ক্রাঞ্চি ও হেডর্যাপসহ বিভিন্ন আনুষঙ্গিক পণ্য রয়েছে।
স্কয়ার টয়লেট্রিজের মেরিলের যাত্রা শুরু পেট্রোলিয়াম জেলি দিয়ে। বর্তমানে সাবান, শাওয়ার জেল, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, লিপ বাম ও শ্যাম্পুর পাশাপাশি শিশুদের জন্য বেবি লোশন, শ্যাম্পু, সোপ, পাউডার, টুথপেস্ট ও অলিভ অয়েল বাজারজাত করছে ব্র্যান্ডটি। পণ্যের ধরন ও প্যাকেজিংয়েও সময়ের সঙ্গে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
ইউনিলিভারের পন্ডস ত্বকের পরিচর্যাভিত্তিক ব্র্যান্ড হিসেবে পরিচিত। ফেসওয়াশ, স্ক্রাব, কোল্ড ও ভ্যানিশিং ক্রিম, ময়েশ্চারাইজার, ডে-নাইট ক্রিম, ফেস সিরাম, সানস্ক্রিন, বিবি ক্রিম ও ট্যালকম পাউডার রয়েছে এর পণ্যসম্ভারে। পুরুষদের জন্য রয়েছে ‘পন্ডস মেন’ রেঞ্জ। অন্যদিকে একই প্রতিষ্ঠানের লাক্স সাবান ও বডিওয়াশের মাধ্যমে বাথ ও বডি কেয়ার বাজারে অবস্থান ধরে রেখেছে।
ম্যারিকোর প্যারাস্যুটের মূল পরিচিতি হেয়ার কেয়ার পণ্য নিয়ে। নারকেল তেলভিত্তিক পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের হেয়ার অয়েল ও শ্যাম্পু রয়েছে ব্র্যান্ডটির। বেবি লোশন, বেবি অয়েল, বেবি সাবান, বেবি শ্যাম্পু ও টপ-টু-টো ওয়াশের মাধ্যমেও শিশুর পরিচর্যার পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
কোহিনূর কেমিক্যালসের তিব্বত ব্র্যান্ডের পণ্যসম্ভারে রয়েছে তিব্বত স্নো, লাক্সারি সোপ, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, পমেড, লিপ জেল, ট্যালকম ও প্রিকলি হিট পাউডার। পাশাপাশি পাম্পকিন হেয়ার অয়েল, শেভিং ক্রিম, চন্দন আতর, তিব্বত ৫৭০ সাবান, বল সাবান ও ডিটারজেন্ট পাউডার বাজারজাত করছে ব্র্যান্ডটি।
ক্যাটাগরির সংখ্যা ব্র্যান্ডের বাজার অংশীদারত্ব বা বিক্রির পরিমাণ নির্দেশ করে না। তবে নতুন পণ্য শ্রেণিতে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিধি ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা বোঝা যায়।
বাজার সম্প্রসারণে ভোক্তার আস্থা গুরুত্বপূর্ণ
রিমার্কের লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ‘দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে লিলি ইতোমধ্যে ভোক্তাদের কাছে পরিচিত ও আস্থার একটি নাম হয়ে উঠেছে। পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের আস্থা অর্জনের মধ্য দিয়েই এই অবস্থান তৈরি হয়েছে।’ তিনি জানান, ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়েই লিলি ধারাবাহিকভাবে নতুন পণ্য ও ক্যাটাগরি যুক্ত করেছে। বর্তমানে দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে লিলির পণ্য ক্যাটাগরির সংখ্যা সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, পণ্যের ফর্মুলেশন, প্যাকেজিং ও মান নিশ্চিত করার পাশাপাশি লিলি নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত বাজার পর্যবেক্ষণ করে। নকল প্রতিরোধেও নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। তার মতে, কোনো কোনো প্রতিষ্ঠানের বাজার পর্যবেক্ষণ ও নজরদারির ঘাটতির কারণে তাদের পণ্য সহজেই নকল হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের পণ্যের নিরাপত্তা ও বাজার তদারকির দায় নিতে হবে।
স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, মেরিলের যাত্রা শুরু হয়েছিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। এরপর গ্রাহকের আস্থা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতার মাধ্যমে ধীরে ধীরে ব্র্যান্ডটি বর্তমান অবস্থানে পৌঁছেছে। একটি ব্র্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সময় ধরে পণ্যের মান ধরে রাখা এবং ভোক্তার প্রত্যাশা পূরণ করা। সেই ধারাবাহিকতা থাকলেই নতুন ক্যাটাগরিতে সম্প্রসারণ সম্ভব হয়।
তিনি আরও বলেন, বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য নিয়ে মানুষ এখনই অস্বস্তিতে। ভবিষ্যতে এ সমস্যা আরও বাড়তে পারে। এতে বাংলাদেশে উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
দেশীয় শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, বাংলাদেশে একসময় বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে দেশীয় ব্র্যান্ডগুলোর উপস্থিতি সীমিত ছিল। এখন পরিস্থিতি বদলেছে। দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তৈরি হয়েছে। তার মতে, নতুন ক্যাটাগরিতে দেশীয় ব্র্যান্ডের সম্প্রসারণ আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় শিল্পভিত্তি শক্তিশালী করতে পারে।
এএসবিএমইবির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, বাংলাদেশের কোনো ব্র্যান্ডকে লিলির মতো এত দ্রুত এতগুলো ক্যাটাগরিতে পণ্য সম্প্রসারণ করতে দেখা যায়নি। পণ্যের মান, প্যাকেজিং, ফর্মুলেশন ও সুগন্ধে নতুনত্ব আনার ক্ষেত্রে লিলির প্রচেষ্টা প্রশংসনীয়। আগে এ ধরনের উদ্যোগ মূলত বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে দেখা যেত। পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা পেলে দেশীয় প্রতিষ্ঠানও যে এমন সক্ষমতা অর্জন করতে পারে, লিলি তার একটি উদাহরণ।
ব্র্যান্ড ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, একটি ব্র্যান্ড তার গ্রাহকদের কাছে প্রতিশ্রুতি দেয়। যারা দীর্ঘসময় ধরে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তারাই বড় হয়। একটা ব্র্যান্ড একদিনে তৈরি হয় না। আস্থা, সেবা ও মান ধরে রাখার পরই নতুন ক্যাটাগরিতে সফলভাবে প্রবেশ করা সম্ভব। এতে কর্মসংস্থান বাড়ে, শিল্পখাত শক্তিশালী হয় এবং ভোক্তারাও উপকৃত হন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্র্যান্ডের দীর্ঘস্থায়িত্ব ও বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্র্যান্ডকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে নতুন পণ্যশ্রেণি তৈরি করতে গবেষণা, প্রযুক্তি, ফর্মুলেশন ও মান নিয়ন্ত্রণে বিনিয়োগ প্রয়োজন। দেশীয় প্রতিষ্ঠানগুলোর এসব সক্ষমতা বাড়লে স্থানীয় বাজারে প্রতিযোগিতা জোরদার হওয়ার পাশাপাশি আমদানির বিকল্প তৈরির সুযোগও বাড়বে। তবে দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকতে পণ্যের মান ও ভোক্তার আস্থা ধরে রাখাই হবে প্রধান চ্যালেঞ্জ।
