logo

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংস্কৃতিক আবহে এটি অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্রিত হয়েছিল একই মঞ্চে, একই প্রজন্মের সামনে।

আয়োজকদের দাবি, ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ শুধু একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’য়ের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

ড. মো. আব্দুল মান্নান চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা এবং জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।