logo

স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব হার্ট দিবস পালিত

স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব হার্ট দিবস পালিত
স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে। ছবি: বিশ্ববিদ্যালয়

একটিও হৃদস্পন্দন যেন না হারায়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগ, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স ও ল্যাবএইড গ্রুপের সহযোগিতায় বিশ্ব হার্ট দিবস ২০২৬ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও হৃদস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং হৃদস্বাস্থ্য রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাউসার, রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ড. মো. হাসান কাউসার বলেন, ‘হৃদরোগ প্রতিরোধে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র নয়, সমাজের প্রতি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবেও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের মধ্যেও হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে।’

জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘র্তমান সময়ে হৃদরোগ একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। নিয়মিত শারীরিক কার্যক্রম, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হৃদরোগের অনেক ঝুঁকি কমানো সম্ভব। বিশ্ব হার্ট দিবসের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করা।’

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থাও করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও হৃদস্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পান।

আয়োজকরা জানান, একটিও হৃদস্পন্দন যেন না হারায়- এই বার্তা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবনে হৃদস্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সচেতনতামূলক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্টেট ইউনিভার্সিটিতে বিশ্ব হার্ট দিবসের আয়োজন সম্পন্ন হয়।