logo

ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে যোগ দিলেন ওয়াসি নোমান

ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে যোগ দিলেন ওয়াসি নোমান

ব্যাংকের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও জোরদার করতে এএসএম ওয়াসি নোমানকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক। 

ব্র্যাক ব্যাংকের ইতিহাসে এই প্রথমবারের মতো চিফ ইনফরমেশন অফিসার পদ সৃষ্টি করা হয়েছে। এই পদে ওয়াসি নোমান ব্যাংকটির প্রযুক্তি কৌশল নির্ধারণ ও ডিজিটাল উদ্ভাবনের নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সক্ষমতা বাড়ানো, গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং ভবিষ্যৎমুখী ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে তিনি প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম তত্ত্বাবধান করবেন এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে ডিজিটাল উদ্যোগের সমন্বয় নিশ্চিত করবেন।

ওয়াসি নোমানের ব্যাংকিং, টেলিযোগাযোগ, আইটি সেবা, অটোমেশন এবং বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ অপারেটিং অফিসার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি মেটলাইফ বাংলাদেশে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি অ্যাকসেঞ্চার, গ্রামীণফোন, জিপিআইটি, স্ট্যান্ডার্ড ব্যাংক, কার্নেল সিস্টেমস এবং বেক্সিমকো কম্পিউটার্সে নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রযুক্তিকে কেন্দ্র করে আমরা ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে চাই। ব্র্যাক ব্যাংকে প্রথম চিফ ইনফরমেশন অফিসার নিয়োগ সেই কৌশলগত পরিকল্পনারই অংশ। ওয়াসি নোমানের বিস্তৃত অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তার নেতৃত্বে আমরা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার লক্ষ্য অর্জনে আরও এগিয়ে যেতে পারব।’

ওয়াসি নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ফ্যালকনবুরি ইনস্টিটিউট থেকে টেকনিক্যাল প্রফেশনালদের জন্য এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।