ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি ১০৭টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে প্রায় ১ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হয়। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এই আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। তারা সরাসরি নিয়োগকর্তাদের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনাটা। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় ১ হাজার পদে নিয়োগের সুযোগ রাখা হয়।
ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মাইনুদ্দীন হাসান রশীদ এবং ইউনাইটেড গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করে। তাই সবার আগে তাদের মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তারা যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
