জার্মান পার্লামেন্টারি ডেলিগেশনের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খুঁজতে জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল শুক্রবার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) পরিদর্শন করেন। দলকে স্বাগত জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া রিলেশন্স বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের সংসদীয় প্রতিনিধি নিকলাস কাপে বলেন, এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির এই শক্তিশালী উপস্থিতি দেখে আমি আনন্দিত। এ ধরনের পরিদর্শন জার্মানি ও বাংলাদেশের মধ্যকার গভীর অর্থনৈতিক অংশীদারিত্বকে পুনর্নিশ্চিত করে, এবং আগামী দিনে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।
এমজিআই চেয়ারম্যান এবং এমডি মোস্তফা কামাল জানান, এমআইইজেডে জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলকে বরণ করতে পেরে আমি সন্মানিত বোধ করছি। জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। এই সম্পর্ক অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতে কয়েক দশকের সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে ক্রমবর্ধমান উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও জানান, এমআইইজেড বাংলাদেশের সর্বাধুনিক বেসরকারি অর্থনৈতিক জোন, যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ, নির্ভরযোগ্য নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা রয়েছে। আমরা আমাদের জার্মান বিনিয়োগকারীদের এখানে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানাই। এখানে আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
পরিদর্শনকালে মেঘনা গ্রুপের সদস্যরা জার্মান প্রতিনিধিদলকে এমআইইজেডের বিভিন্ন সুবিধা ঘুরিয়ে দেখান, বিশেষত জোনে অবস্থিত দুটি জার্মান মালিকানাধীন কারখানা সিএইচটি বাংলাদেশ লিমিটেড এবং সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেড। এমআইইজেডের অধিকাংশ কারখানাতেই জার্মান মেশিনারি ও প্রযুক্তি ব্যবহার করা হয়, যা দুই দেশের মধ্যে গভীর শিল্প সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

