logo

‘নান্দনিক’-এর ৪৯ বছর পূর্তি উৎসব

‘নান্দনিক’-এর ৪৯ বছর পূর্তি উৎসব
ছবি: নান্দনিক সূত্রে পাওয়া

১৬ অক্টোবর ১৯৭৭ সাল; জনা কয়েক তারুণ্যের উচ্ছ্বাসে জন্ম নেয় নান্দনিক নাট্য সম্প্রদায়। নাটকের মাধ্যমে সমাজজীবনের প্রতিচ্ছবি দর্শকদের সামনে তুলে ধরে দর্শক মনকে আন্দোলিত করার দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী নান্দনিক।

চলতি বছর নান্দনিক নাট্য সম্প্রদায় ৪৯ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’-এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ব্যক্তিত্বরা।

২২ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’। ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় নৃপতি এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে।

উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।’

নান্দনিক সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, নাটকের মাধ্যমে সমাজজীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব-মুহুর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুন্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাসমূহকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।