কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন উত্তরা ইউনিভার্সিটির ভিসি
-c19fdd-720x405.webp)
উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
২৭ আগস্ট লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে এই সম্মাননা গ্রহণ করেন।
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়ে থাকে।
অধ্যাপক ড. ইয়াসমীন আরার এই অর্জন উচ্চশিক্ষায় নারীর নেতৃত্বের ক্রমবর্ধমান ভূমিকারও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তাঁর এই সম্মাননা বাংলাদেশের নারী শিক্ষাবিদ, শিক্ষক, গবেষক এবং ভবিষ্যৎ নেতৃত্বে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা তাঁর এই অর্জন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উৎসর্গ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার এই অর্জন, এই পুরস্কার আমার শিক্ষার্থী এবং উত্তরা ইউনিভার্সিটির সকল প্রিয় সহকর্মীকে উৎসর্গ করতে চাই।
উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সময় অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, উদ্ভাবন, শিক্ষার্থীদের বিকাশ এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অর্জন উত্তরা ইউনিভার্সিটিকে বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ধারাবাহিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অধ্যাপক ড. ইয়াসমীন আরার এই অর্জনে উত্তরা ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।



