হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প খাতে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন জোরদার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)। এই লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। এর আওতায় দেশের কারুশিল্প, উদ্যোক্তা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়াতে যৌথভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহায়তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী ও নতুন বাজার সংযোগের মাধ্যমে সাধারণ কারুশিল্পী, বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার বড় সুযোগ তৈরি হবে।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দেবে। এছাড়া প্রশিক্ষণ, পরামর্শ প্রদান এবং ব্যবসা উন্নয়ন সেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের এই খাতের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত করবে।
অন্যদিকে, বাংলাক্রাফট মাঠপর্যায়ে হস্তশিল্পী ও উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ তৈরি, শিল্প খাতের বাস্তবিক জ্ঞান বিনিময় এবং বিভিন্ন যৌথ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
এই অংশীদারত্বের মাধ্যমে ব্যবসা ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, আর্থিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন পদ্ধতির ওপর যৌথ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি হস্তশিল্প খাতের উন্নয়ন, কারুশিল্পীদের জীবন-জীবিকা, বাজারের সার্বিক পরিস্থিতি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণা পরিচালনা করা হবে।
নতুন পণ্যের উদ্ভাবন, উদ্যোক্তা বুটক্যাম্প, ব্যবসায়িক ফোরাম আয়োজন ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং বৃদ্ধিতেও কাজ করবে উভয় পক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ তৈরি হবে, যা একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি বা শিল্পখাতের মধ্যকার সংযোগকে আরও সুদৃঢ় করবে।
এই সমঝোতার একটি অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘ইন্টারন্যাশনাল ক্রাফটস শো বাংলাদেশ’ (আইসিএসবি) আয়োজন করা। এই আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে বিশ্বমঞ্চে উপস্থাপন করা হবে, যা দেশের প্রথাগত কারুশিল্পীদের সাথে বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সরাসরি সেতু তৈরি করবে। এটি নারী উদ্যোক্তাদের প্রসার এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের হস্তশিল্পের রপ্তানি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ট্রেজারার আরিফুল ইসলাম এবং বাংলাক্রাফটের পক্ষে সভাপতি মো. বেলাল হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের প্রধান আফসানা চৌধুরী। এ সময় ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






