অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যসেবা চুক্তি

এশিয়া পোস্ট ডেস্ক
অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যসেবা চুক্তি
অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

অভিনয় শিল্পী সংঘের সদস্য ও তাদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও অগ্রাধিকারভিত্তিতে জরুরি চিকিৎসাসেবা পাবেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি তারা এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ অগ্রাধিকারভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন।

চুক্তিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অভিনয় শিল্পী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম।

এ ছাড়া চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদার। অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগ অভিনয়শিল্পীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।