ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’ উদযাপিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের ওষুধ শিল্পকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে ফার্মেসি গ্র্যাজুয়েটদের বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও নৈতিক মানদণ্ডে সমৃদ্ধ করে গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, ওষুধের গুণগত মান বজায় রাখা এবং সারা দেশে সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন জরুরি বলেও মত দেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে ফার্মেসি বিভাগ শিক্ষার্থীদের জন্য ‘পোস্টার প্রেজেন্টেশন’ এবং ‘ফার্মা অলিম্পিয়াড’ প্রতিযোগিতার আয়োজন করে। সেমিনার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।