উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট’ অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইউইউ এইচআর সামিট ২০২৬।
বুধবার (২০ মে) বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস এবং স্কুল অব বিজনেস এর আয়োজন করে। এতে সহযোগিতা করে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)। পৃষ্ঠপোষকতা করে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
আয়োজকরা জানান, দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত ২০ জন বড় কর্মকর্তা সামিটে অংশ নেন। আর্থিক, টেলিকম, আইটি ও তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডি জবস ডট কমের প্রতিষ্ঠাতা এবং সিইও ফাহিম মাশরুর, মানবসম্পদ ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম, গ্রামীণফোন লিমিটেডের হেড অফ স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুনিমা হাসান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াছমিন, মানবসম্পদ বিভাগ এবং ট্রেনিং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নুসরাত তাবাস্সুম এবং এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশি।
এ ছাড়াও ইউনাইটেড গ্রুপ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম গ্রুপ, লিড নেশন একাডেমি, ই-জোন এইচআরএম লিমিটেড, ইনডেক্স অ্যাকসেসরিজ লিমিটেড, এ্যাবা গ্রুপএবং হা-মীম গ্রুপ অংশ নেয়।
সামিট শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ এইচআর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেনের কি নোট স্পিচ দিয়ে। এরপর আগত অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা, বর্তমান সময়ের ধারা, সামনের দিনের চ্যালেঞ্জ এবং মানবসম্পদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প খাতের সঙ্গে জড়িত উপস্থিত মানবসম্পদ বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউআসি) ডিরেক্টর, প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার সঙ্গে করপোরেট জগতের বাস্তব প্রয়োগের ব্যবধান দূর করা। ইউইউ এইচআর সামিট আমাদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতিরই বড় প্রমাণ। দেশের শীর্ষ করপোরেট আইকনদের সরাসরি আমাদের ক্যাম্পাসে নিয়ে আসার মাধ্যমে আমরা শুধু একটি আলোচনার আয়োজনই করিনি, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তব জগতের সুযোগের সঙ্গে মিলিত হচ্ছে। এর মাধ্যমে তারা মানবসম্পদের দ্রুত পরিবর্তনশীল পরিমণ্ডলে নেতৃত্ব দিতে এবং উদ্ভাবন করতে পুরোপুরি প্রস্তুত হয়ে স্নাতক সম্পন্ন করতে পারবে।’
