ময়মনসিংহে ফ্রেশ এলপি গ্যাসের এলপিজি নিরাপত্তা সচেতনতা কর্মসূচি
-6d2c39-720x405.webp)
এলপিজির নিরাপদ ব্যবহার, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে ময়মনসিংহে নিরাপত্তাবিষয়ক কর্মসূচি আয়োজন করেছে ফ্রেশ এলপি গ্যাস। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠানটির উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় ১ হাজার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাসাবাড়িতে এলপিজির ব্যবহার বাড়ছে। তাই এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও তাদের পরিবারকে এলপিজি ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে বাস্তব ধারণা দিতে এবং জরুরি পরিস্থিতিতে যথাযথভাবে ব্যবস্থা নিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে এলপিজি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এলপিজি অপারেটর হিসেবে নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করাকে তারা দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
তিনি বলেন, বাংলাদেশে এলপিজির ব্যবহার আরও সম্প্রসারণের পাশাপাশি একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন। এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারকে সহজ ও বাস্তব উপায়ে এলপিজির নিরাপদ ব্যবহার সম্পর্কে জানানোই তাদের লক্ষ্য।

কর্মসূচিতে এলপিজি নিরাপত্তাবিষয়ক লাইভ প্রদর্শনী এবং ইন্টার্যাকটিভ থিওরিটিক্যাল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
এমজিআইয়ের ফায়ার সেফটি বিশেষজ্ঞরা অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় কৌশল এবং জরুরি পরিস্থিতিতে কী করতে হবে, তা ব্যবহারিকভাবে তুলে ধরেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাড়িতে এলপিজির নিরাপদ ব্যবহার, সঠিক ব্যবহারবিধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা এলপিজি ব্যবহারের সময় কী ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিভিন্ন বিষয় জানতে পারেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্র ও উপহারেরও আয়োজন করা হয়। এর ফলে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।