logo

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হলো ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হলো ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’
ছবি: সংগৃহীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদে’র আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়ে।

শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর এ অনুষ্ঠানে খ্যাতিমান নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় নৃত্যাঞ্চলের শিল্পীদের মনোমুগ্ধকর ‘নৃত্যগীতি’ অনুরাগীদের মুগ্ধ করে। এই পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকার ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খুদে শিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও গ্যালারি চিত্রকের প্রতিষ্ঠাতা শিল্পী মো. মনিরুজ্জামান, বীকন ফার্মাসিউটিকেলসের ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহসভাপতি রবিউল ইসলাম মিল্টন।

নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরীয় পরিয়ে দেন ভারতীয় হাইকমিশন ঢাকার প্রথম সচিব (রাজনীতি ও গণমাধ্যম) গোকুল ভি. কে। অনুষ্ঠানে আয়োজন সহযোগী ছিল সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক.কম।